শুক্রবার থেকে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ১৫তম বার্ষিক সভা

৫ নভেম্বর, ২০২০ ১৯:২২  
৬ থেকে ৮ নভেম্বর ৩ দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (আইজিএফ) পঞ্চদশ বার্ষিক সভা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) এর আয়োজনে অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হবে। এবারের মূল বিষয়বস্তু ‘মানবিক বিকাশ ও সংহতিতে ইন্টারনেট’। ৬ নভেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি হাসানুল হক ইনু , বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো.জহুরুল হক, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান। একই দিনে আরো দুইটি সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন দেশি-বিদেশির বক্তৃতা। ইয়ুথ আইজিএফ: বাংলাদেশে ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেমে যুবকদের জড়িতকরণকে জোরদার করা' সেমিনারে বক্তৃতা হিসেবে থাকবেন আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন, ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কাওছার উদ্দিন। দিনের শেষ সেমিনারটি অনুষ্ঠিত হবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং ডেটা প্রাইভেসি’ নিয়ে। সেমিনারে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ন্যাশনাল ডাটা সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিরেক্টর তারেক এম বরকতউল্লাহ। অনুষ্ঠানটির কৌশলগত অংশীদার হিসেবে থাকছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল), লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্রোথ অফ আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রি (এলআইসিটি) এবং আইসিটি বিভাগ। সহযোগিতায় আরো থাকছে, গুগল, আইএসপিএবি, এপনিক, আইজিএফএসএ, বিডিআইএক্স এবং কম্পিউটার জগৎ।